
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চতুর্থ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার সন্ধ্যায় রাশেদ প্রধানের স্বাক্ষরিত অভিনন্দন বার্তা ও ফুল বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছে দেন জাগপা’র গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অভিনন্দন বার্তায় রাশেদ প্রধান বলেন, তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক মাইলফলক, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের চেতনা ধারণ করে তিনি দেশ, গণতন্ত্র, দেশের মানুষ ও ইসলামের পক্ষে দৃঢ় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই তাদের। তিনি আরও আশাবাদ প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। সবশেষে রাশেদ প্রধান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের অব্যাহত সাফল্য কামনা করেন।